নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘বাংলা দর্পণ সিজন-৭’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে প্রতিযোগিতা ও প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উপাচার্য বলেন, নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আলোকচিত্রের মাধ্যমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, মানুষের জীবনসংগ্রাম, সমাজের নানা বাস্তবতা এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা সম্ভব। এটি শুধু স্মৃতি সংরক্ষণই নয়, সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি তরুণ আলোকচিত্রীদের উদ্দেশে বলেন, প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আলোকচিত্র ধারণ করলে তাদের সৃজনশীলতা যেমন বিকশিত হবে, তেমনি বিশ্ববিদ্যালয়ের সুনামও বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দিন। সভাপতিত্ব করেন নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক সিফাত-ই-মান্নান। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন আলোকচিত্রী আশরাফুল ইসলাম শিমুল।

আয়োজকরা জানান, ‘বাংলা দর্পণ সিজন-৭’-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১ হাজার ১০০টি আলোকচিত্র জমা পড়ে। সেখান থেকে বাছাই করে ৬৪টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। প্রদর্শনীতে ‘জুলাই কর্নার’ ও একটি ফটোবুথও সংযোজন করা হয়, যা দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও আলোকচিত্রপ্রেমীরা অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments