হাতিয়ায় ঝাঁঝালো গন্ধে ক্লাসরুমে জ্ঞান হারাল ১৫ শিক্ষার্থী

আতঙ্কে স্কুল, ১৩ জন হাসপাতালে ভর্তি

গন্ধের উৎস এখনো শনাক্ত হয়নি

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছে। পরে তাদের মধ্যে ১৩ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে—ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২), জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩) ও পারভিন আক্তার (১৫)। তাদের সবার বাড়ি তমরদ্দি জোড়খালী গ্রামে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবারও শ্রেণিকক্ষে স্বাভাবিকভাবে পাঠদান চলছিল। হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর একে একে আরও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে অন্তত ১৫ জন শিক্ষার্থী শ্রেণিকক্ষের মেঝেতে লুটিয়ে পড়ে।

শিক্ষার্থীদের এমন আকস্মিক অসুস্থতায় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সহপাঠী ও শিক্ষকরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে কয়েকজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

জোড়খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, প্রথমে কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারালে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে যাওয়ার পর তাদের জ্ঞান ফিরে আসে। কিন্তু পরে আরও কয়েকজন শিক্ষার্থী অচেতন হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো বোঝা যাচ্ছে না।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম নিলয় বলেন, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিদ্যালয়ে কোনো ধরনের ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ার কারণেই এমন অসুস্থতা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে ঝাঁঝালো গন্ধের উৎস কী এবং সেটি কোনো রাসায়নিক পদার্থ বা অন্য কোনো কারণে ছড়িয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments