রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় কুলসুম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বৈরাতি ব্রিজ এলাকায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলসুম লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর দক্ষিণ গোবধা এলাকার মোগর আলীর মেয়ে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার ভোরে রংপুর-সৈয়দপুর মহাসড়ক দিয়ে চলাচলের সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় কুলসুম গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম তারাগঞ্জ হাইওয়ে থানায় এসে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিহত নারীর পরিচয় শনাক্ত করে। পুলিশ জানায়, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কুলসুম মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনের বিধান অনুযায়ী একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



