কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৫ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮১ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মাদকের মোট সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর রাত ১২টা ৫০ মিনিটে ফুলবাড়ী উপজেলার বিদ্যাবগীস এলাকায় এবং ১৮ সেপ্টেম্বর রাত ১টা ২০ মিনিটে বালাটারী এলাকায় অভিযান চালায় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের গংগারহাট ও বালারহাট বিওপির টহলদল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বালারহাট এলাকা থেকে ১৫ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
অন্যদিকে, একই উপজেলার গংগারহাট বিওপির পৃথক অভিযানে ৮১ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদকপাচারসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



