রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কৃষ্ণচূড়া সড়কের ডিভাইডারে লাইটপোস্টের আলোয় বসে প্রতিচ্ছবি আঁকেন দিগন্ত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কৃষ্ণচূড়া সড়কের ডিভাইডারে লাইটপোস্টের আলোয় বসে প্রতিচ্ছবি আঁকেন দিগন্ত। সাদা কাগজে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন মানুষের মুখাবয়ব। শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চলে তার এই ব্যতিক্রমী অর্থ সংগ্রহের কার্যক্রম। কেউ ৫০ টাকা দিয়ে প্রতিচ্ছবি আঁকিয়ে নিচ্ছেন, আবার কেউ বন্ধুর চিকিৎসার কথা ভেবে খুশি হয়ে দিচ্ছেন আরও বেশি অর্থ।
কারমাইকেল কলেজের শিক্ষার্থী দিগন্ত শর্মার বন্ধু সাব্বির হাসনাত জিলান রাজধানীর তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। চলতি বছরের জুলাই মাসে ব্লাড ক্যানসারে আক্রান্ত হন তিনি। বন্ধুর চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হওয়ায় মানুষের কাছে অনুদান চাওয়ার বদলে নিজের শিল্পীসত্তাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন দিগন্ত।
দিগন্ত জানান, তিনি কারমাইকেল কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বন্ধুর চিকিৎসায় সহযোগিতা করতে ছবি এঁকে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। প্রতিচ্ছবি আঁকার বিনিময়ে পাওয়া অর্থের পুরোটাই জিলানের কেমোথেরাপির জন্য দেওয়া হবে। তার এই উদ্যোগে মানুষের সাড়া পাওয়ায় তিনি আশাবাদী।
দিগন্তের উদ্যোগে মুগ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দর্শনার্থীরা। তাদের মতে, ডোনেশন বক্স নিয়ে মানুষের দ্বারে দ্বারে না ঘুরে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে বন্ধুর চিকিৎসায় অর্থ সংগ্রহের এই চেষ্টা সত্যিই প্রশংসনীয়। বন্ধুত্বের দায়বদ্ধতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দিগন্ত।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, বন্ধুর চিকিৎসার জন্য ছবি এঁকে অর্থ সংগ্রহের এই অভিনব উদ্যোগের পাশে সবার দাঁড়ানো উচিত। বন্ধুর জন্য বন্ধুর এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। গানের অনুষ্ঠানসহ নানা আয়োজনের মাধ্যমে রোগীর চিকিৎসার অর্থ সংগ্রহের কথা শোনা যায়। কিন্তু ছবি এঁকে অর্থ সংগ্রহের ধারণাটি নতুন। আশা করি, মানুষ এই উদ্যোগে সাড়া দেবে।



