দেশি ছাগলের পাঁচ ছানা

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দেওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিরল এ ঘটনা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা। তবে জন্মের ১৫ মিনিটের মধ্যে একটি ছানার মৃত্যু হয়েছে। বেঁচে থাকা চারটি ছানা সুস্থ রয়েছে।

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের কৃষক তহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাঁর পালন করা দেশি ছাগলটি পরপর চারটি পাঠা ছানার জন্ম দেয়। এরপর প্রায় এক ঘণ্টা বিরতি দিয়ে আরও একটি ছানার জন্ম হয়। তবে জন্মের প্রায় ১৫ মিনিটের মধ্যেই শেষ ছানাটি মারা যায়।

ছাগলের মালিক কৃষক তহিদুল ইসলাম জানান, তাঁর এই ছাগলটি এর আগে তিনবার বাচ্চা দিয়েছে। প্রতিবারই তিনটি করে ছানার জন্ম হয়েছিল। এবারও বাচ্চা হওয়ার সময় পাঁচটি ছানা হবে, তা তিনি কল্পনাও করেননি। তাঁর স্ত্রী মমিনা বেগমের উপস্থিতিতে প্রথমে চারটি ছানার জন্ম হয়। পরে প্রায় এক ঘণ্টা পর পঞ্চম ছানাটির জন্ম হলেও সেটি বাঁচেনি। বর্তমানে বেঁচে থাকা চারটি ছানা সুস্থ রয়েছে।

তহিদুল ইসলামের বড় ভাই শহিদুল ইসলাম জানান, ঘটনার সময় তাঁর ভাই ও ভাবি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ ছাগলের ডাকাডাকি শুনে তাঁরা ঘরে গিয়ে দেখেন, ছাগলটি বাচ্চা দিচ্ছে। তাঁদের উপস্থিতিতে কয়েক মিনিটের ব্যবধানে চারটি ছানার জন্ম হয়। এরপর ছাগলটির আর বাচ্চা হবে না বলে তাঁরা ধারণা করেছিলেন। কিন্তু প্রায় এক ঘণ্টা পর আরও একটি ছানার জন্ম হয়। দুর্ভাগ্যজনকভাবে সেটি কিছুক্ষণের মধ্যেই মারা যায়। বেঁচে থাকা চারটি ছানাকে মায়ের দুধের পাশাপাশি গরুর দুধও খাওয়ানো হচ্ছে।

ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম বলেন, দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দেওয়ার ঘটনা সত্যিই ব্যতিক্রমী। সাধারণত একটি ছাগলের একসঙ্গে দুটি, তিনটি কিংবা চারটি ছানা জন্ম নেওয়ার ঘটনা দেখা যায়। তবে পাঁচটি ছানার জন্মের ঘটনা বিরল। এ ধরনের ছাগল পরিকল্পিতভাবে পালন ও পরিচর্যা করা গেলে খামারি ও কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার জানান, দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা খুব বেশি দেখা না গেলেও এটি অস্বাভাবিক নয়। ছাগলের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বিরল হলেও পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার হার প্রায় ২ থেকে ৩ শতাংশ।

তিনি আরও জানান, একসঙ্গে একাধিক বাচ্চা জন্ম হলে সেগুলোর যথাযথ পরিচর্যা ও পুষ্টি নিশ্চিত করা জরুরি। বিশেষ করে প্রতিটি ছানা পর্যাপ্ত দুধ পাচ্ছে কি না, সেদিকে নজর রাখতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments