বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যে পরীক্ষা শেষে রাত পৌনে ১২ টার দিকে বাসায় ফিরেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। রাত ৮টায় তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।
হাসপাতালে যাওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, কখনও বেশি শারীরিক জটিলতা দেখা দিলে বা চিকিৎসকরা প্রয়োজন মনে করলে স্বাস্থ্য পরীক্ষা করান বেগম জিয়া। বর্তমানে দলের রাজনীতির অভিভাবক হিসেবেই রয়েছেন তিনি। মাঝে মাঝে বিশিষ্টজন ও বিদেশি অতিথিদের সাক্ষাৎ দেন বিএনপি চেয়ারপারসন।
এর আগে গত কয়েক মাস ধরে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি মহলে উদ্বেগ দেখা দেয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।



