গাজীপুরে নেশার টাকা না পেয়ে মামাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাগিনার বিরুদ্ধে। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামা আনিসুর রহমানের (২৩) মৃত্যু হয়। তিনি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার আলি নেওয়াজের ছেলে। ভাগিনা সৌরভ (১৮) একই গ্রামের উত্তরপাড়ার জয়বাংলা মোড় এলাকার মো. রোকনুজ্জামানের ছেলে।
এর আগে বুধবার দুপুরে সদর উপজেলার ভবানীপুর (উত্তরপাড়া) এলাকায় নিহতের ভগ্নিপতি রোকনুজ্জামানের বাড়ীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সৌরভ পলাতক রয়েছেন।
নিহতের মামা আব্দুর রশীদ জানান, কাছাকাছি বাড়ি হওয়ায় মামা-ভাগিনা একসাথে চলাফেরা করতেন। সৌরভের ভাবি বঁটি দিয়ে তরকারি কাটছিলেন। হঠাৎ সৌরভ ভাবির কাছ থেকে বঁটি নিয়ে ঘরে শুয়ে থাকা মামা আনিসুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। আশংকাজনক অবস্থায় পরিবারের সদস্যরা তাকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতাল ও পরে ঢাকার উত্তরার একটি হাসপাতালেভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে আনিসুর রহমানের মৃত্যু হয়।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রব জানান, প্রাথমিক ভাবে জানা গেছে ঘটনার কিছু সময় আগে সৌরভ নেশা করার জন্য মামার কাছে টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় মামা-ভাগিনার মধ্যে বাগবিত-া হয়। মামা ঘরে গিয়ে শুয়ে থাকা অবস্থায় দুপুর ২টার দিকে সৌরভ বঁটি দিয়ে মামাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে মামার মৃত্যু হয়। ঘটনার পর সৌরভ পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



