রাজধানীর শ্যামলী ও মতিঝিলে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে। এর মধ্যে শ্যামলীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ শ্যামলী থেকে ৬ জন ও মতিঝিল থেকে ৫ জনকে আটক করেছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭০ থেকে ৮০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। এসময় তারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে শিশুমেলার সামনে কিছু লোক জড়ো হয়। তারা সেখানে ‘জয় বাংলা’ স্লোগানও দিয়েছিল। ঝটিকা মিছিল করতে আসা ব্যক্তিদের একটি অংশ এসেছিল পায়ে হেঁটে। আর একটি অংশ এসেছিল মোটরসাইকেলে করে। কয়েকজন লোক এক জায়গায় জড়ো হলে পুলিশ তাদের চার্জ করার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের মধ্য থেকে কয়েকজনকে ধরা হলে আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। পরে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা হয়েছে। এসময় পুলিশ হাতেনাতে একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ ৬ জনকে আটক করে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে মতিঝিলের দিলকুশায় বিডিবিএল ভবনের সামনে সড়কে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ৩০-৩৫ জনের একটি ঝটিকা মিছিলের চেষ্টা করে। মিছিল শুরুর ২-৩ মিনিটের মধ্যে ‘জনতা’ ও পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় জনতা তিনজনকে ধরে পুলিশে দেয়। পরে তাদের মতিঝিল থানায় নেওয়া হয়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মতিঝিলের ওয়ালটন চত্বর এলাকায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয়। এ সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। অন্যদিকে আমরাও ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছি।



