নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত বুধবার বিকেল থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সাবেক এমপি এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. ওমর ফারুককে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন- ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাঈম জুবের, মিরপুরের ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ সহ-সভাপতি মো. তানভীর ইসলাম, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিমানবন্দর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, এবং মতিঝিল টিএন্ডটি কলোনি ইউনিট যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. আমজাদ হোসেন রাজন। এছাড়াও বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পল্লবী ও নিউমার্কেট থানা পুলিশ। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশজুড়ে অভিযানে ১ হাজার ৬৩২ জন গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২২ জন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, গ্রেপ্তারদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ, দুটি তরবারি, একটি রামদা, ৪টি চাপাতি, ৩টি কিরিচ ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।



