নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, শামীম ওসমানের আয়কর নথি জব্দ চেয়ে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা পিয়াস পাল আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, শামীম ওসমানের বিরুদ্ধে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে এবং তার নিজ নামীয় ও স্বার্থ সংশ্লিষ্ট ৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৩৯ কোটি ৮২ লাখ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আসামি শামীম ওসমান একজন নিয়মিত করদাতা। তার আয়কর নথিগুলো কর সার্কেল-০৪, কর অঞ্চল-নারায়ণগঞ্জ-এ সংরক্ষিত রয়েছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি শামীম ওসমানের ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত আয়কর নথিগুলো জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।



