পাঁচ ব্যাংকের গ্রাহকেরা জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন

চিকিৎসার পাশাপাশি বাবা-মা, সন্তান, ভাই-বোন ও স্বামী-স্ত্রীর চিকিৎসাসহ অন্যান্য জরুরি খরচেও টাকা তোলার সুযোগ

একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের গ্রাহকেরা এখন চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। আগে শুধু নিজের চিকিৎসার জন্য এই সুবিধা থাকলেও এখন বাবা-মা, ছেলে-মেয়ে, ভাই-বোন এবং স্বামী-স্ত্রীর চিকিৎসাসহ অন্যান্য জরুরি পারিবারিক প্রয়োজনেও টাকা তোলার সুযোগ রাখা হয়েছে।

এ সুবিধা প্রযোজ্য হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের গ্রাহকদের জন্য। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

সভাসংশ্লিষ্ট সূত্র জানায়, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য ঘোষিত স্কিমে সংশোধন এনে চিকিৎসার পাশাপাশি জরুরি প্রয়োজনে টাকা তোলার সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের চিকিৎসার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, অনেক গ্রাহকের চিকিৎসার বাইরে হঠাৎ করে বড় অঙ্কের টাকার প্রয়োজন হতে পারে। কারও পরিবারের সদস্যের চিকিৎসা, আবার কারও অন্য জরুরি পারিবারিক ব্যয় মেটাতে অর্থের প্রয়োজন হতে পারে। আগের স্কিমে এসব ক্ষেত্রে টাকা তোলার সুযোগ না থাকায় সংশোধনের মাধ্যমে তা যুক্ত করা হয়েছে।

গত বছর অন্তর্বর্তী সরকার সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়া হবে।

এ ছাড়া আমানত বিমা তহবিল থেকে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে দুই লাখ টাকা পর্যন্ত আমানত পরিশোধের কর্মসূচি চলছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮ লাখ ২২ হাজার আমানতকারীকে ৩ হাজার ৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments