চলতি শুকনা মৌসুমে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর-করাচিকে পেছনে ফেলে গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে ঢাকা। বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে শীর্ষে উঠে আসা ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩০২ স্কোর। গতকাল সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা গেছে।এদিন দূষণের শীর্ষে থাকা ঢাকার চার এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।এগুলো হলো-মিরপুরের দক্ষিণ পল্লবী (৩৭৪) ও ইস্টার্ন হাউজিং এলাকা (৩৫৪), মাদানি সরণির বেজ এজওয়াটার (৩৩৪) এবং কল্যাণপুর (৩০৪)। এ ছাড়া গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৮৭) ও পীরেরবাগ রেললাইন (২০২) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো-বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। গতকাল সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিøউএইচও) মানদÐের চেয়ে প্রায় ২৭ গুণেরও বেশি রয়েছে।
সকালে দেশের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায়। সূচকে ৩০০ পার করলে যেখানে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করা হয়, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার স্কোর ৪১২। এছাড়া দেশের আরেক বিভাগীয় শহর খুলনার বাতাসও ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এই শহরের একিউআই স্কোর ৩০২।
আইকিউএয়ারের মানদÐ অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এই অবস্থায় শিশু,প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। চলতি শুকনা মৌসুমে, অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি থেকেই বায়ুদূষণে বিশ্বের শীর্ষ দেশের তালিকায় ধারাবাহিকভাবে কমবেশি থেকেছে ভারতের রাজধানী দিল্লি। অক্টোবরের শেষে পরিস্থিতি এমন হয়েছিল যে কৃত্রিম বৃষ্টি নামিয়ে দিল্লির বাতাসের দূষণ কমানোর চেষ্টা করা হয়েছিল। সেই উদ্যোগ অবশ্য সফল হয়নি। আর বায়ুদূষণে অনেক দিনই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থেকেছে পাকিস্তানের করাচি বা লাহোর।বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়। কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এটা শুধু যে ঢাকায়, তা নয়, সারা দেশে। কোনো কোনো দিন ঢাকাকে ছাপিয়ে যাচ্ছে দেশের অন্যান্য শহরের বায়ুর মান। সুরক্ষায় নগরবাসী যা করবেন
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকার বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শও দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটুকু সম্ভব বন্ধ রাখতে হবে।



