‘টুগেদার উই গ্রো’ প্রতিপাদ্যে রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পুণর্মিলনী শনিবার অনুষ্ঠিত হয়েছে। এলামনাই এসোসিয়েশন অব বরেন্দ্র ইউনিভার্সিটি (এএভিইউ) উদ্যোগে আয়োজিত পুণর্মিলনীতে বিশ্ববিদ্যালয়টির ৪টি অনুষদের ১২টি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
শনিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।
এদিকে উত্তরাঞ্চলের প্রথম বেসরকারী এই বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন আজ রবিবার (২১ ডিসেম্বর) নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এই সমাবর্তনে সামার ২০২০ থেকে ২০২৫ সালের স্প্রিং সেমিষ্টার পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৪ জন গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্ন্তবর্তীকালীন সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ। তিনি সমাবর্তন চেয়ার হিসেবে গ্রাজুয়েটদের হাতে সনদ তুলে দেবেন। এর আগে ২০২২ সালের ২ জুন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়।
এলামনাই এসোসিয়েশন অব বরেন্দ্র বিশ্ববিদ্যাালয়ের সভাপতি ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক তাসনিয়া হুসনে আফরিন বলেন, সমাবর্তনের আগে প্রাক্তন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে আসেন। বিশ^বিদ্যালয় জীবনের বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।



