রংপুরে ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগে জরিমানা

রংপুর নগরীর কয়েকটি ফিলিং স্টেশনে নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রি করলেও পরিমাপে কম তেল দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে প্রতি ১০ লিটার জ্বালানিতে ৫০ থেকে ১৪০ মিলিলিটার পর্যন্ত অকটেন, পেট্রোল ও ডিজেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকার মেসার্স সিটি ফিলিং স্টেশন-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম সরবরাহ করছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির ও কাজী মো. শাহান। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া ও মো. নাছির উদ্দিন।

একই দিনে নগরীর কাচারিবাজার এলাকায় মেসার্স তাজিয়া ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আল মদিনা লাইফ বেকারি পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠান দুটিকে হোয়াইট ব্রেড ও বিস্কুটের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।

এদিকে কয়েকজন ভোক্তা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, শুধু একটি ফিলিং স্টেশন নয়, জেলার বিভিন্ন পেট্রোল পাম্পেই একই কৌশলে পরিমাপে কম জ্বালানি দিয়ে দীর্ঘদিন ধরে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তারা বিষয়টি নিয়মিত তদারকির দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments