তালাবদ্ধ করে বিএনপির নেতা বেলাল হোসেনর ঘরে আগুন দেওয়ার ঘটনায় ছোট মেয়ের পর এবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেল বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৮)। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার দিবাগত রাত সাড়ে ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।এর আগে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় ছোট মেয়ে আয়েশা আক্তার (৮)।স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। বেলাল নিজেও আগুনে দগ্ধ হন।
অভিযোগ রয়েছে, ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্টোল ঢেলে বিএনপি নেতা বেলালের বসতঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে ঘর, আসবাবপত্রসহ তার ছোট মেয়ে আয়েশা পুড়ে মারা যায়। আগুনে বেলালসহ তার বড় মেয়ে স্মৃতি, মেঝো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথি দগ্ধ হয়।
এরমধ্য বেলাল ল²ীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। পরে স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। এরমধ্যে স্মৃতির শরীরের ৯০ শতাংশ ও বিথির ২ শতাংশ শরীর দগ্ধ হয়। বিথিকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির পরদিনই ছেড়ে দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি।
মামলা দায়ের
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে। এরমধ্যে দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্টোল ঢেলে আগুন লাগানোর আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ল²ীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনাটির তদন্ত চলছে।



