ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ। গতকাল পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর সাড়া না মেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সংগঠননি। পরিস্থিতি বিবেচনায় যেকোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারেও বলেন সংগঠনের নেতারা।
এর আগে শুক্রবার জুমার পর তারা শাহবাগে অবস্থান নেয়। সারা রাত তারা শাহবাগে অবস্থান করে। তবে গতকাল শনিবার সকালে সাময়িক সময়ের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে দেয় আন্দোলনকারীরা।
এসময় তারা শাহবাগ ছেড়ে পার্শ্ববর্তী আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শরীফ ওসমান হাদির কবর জিয়ারত সম্পন্ন হওয়ার পরপরই রাজধানীর শাহবাগ মোড়ে পুনরায় অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির খুনের বিচার না করে কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যেকোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
আব্দুল্লাহ আল জাবের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে বলেন, যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমাবেন, তাদের সেই স্বপ্ন সফল হবে না। রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচার করবে জনতা। তিনি আরও বলেন, ১ হাজার ৪০০ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও তারা খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে আসার দাবি করা এই প্রশাসনের জন্য এটি চরম লজ্জার বিষয় বলে তিনি মন্তব্য করেন।
উপদেষ্টাদের উদ্দেশ্য করে জাবের প্রশ্ন তোলেন, হাদি হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে? তিনি বলেন, কারা এই খুনের পেছনে রয়েছে তাদের নাম প্রকাশ করুন। আমরা আপনাদের পাহারা দেব, ভয়ের কিছু নেই। কিন্তু বিচার করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতে হবে।
শনিবার রাতে সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড় অবরোধ করে ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। শাহবাগ থেকে ফার্মগেট অভিমুখে সড়কের ধারে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। এখান থেকেই নানান শ্লোগান দেওয়া হচ্ছে। এসময় তাদের ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’ ইত্যাদি ¯েøাগান দিতে দেখা যায়।
এছাড়াও কখনো কখনো বিভিন্ন গানের সাথে তাল মিলিয়ে নিজেদের দাবিগুলো তুলে ধরছেন তারা। এদিকে শাহবাগ মোড় ও আশপাশের বিভিন্ন পয়েন্টে পুলিশের একাধিক অস্থায়ী ক্যাম্প দেখা গেছে। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, আন্দোলনকারীদের নিরাপত্তা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই তারা এখানে দায়িত্ব পালন করে যাচ্ছেন।



