বাংলা সাহিত্যের তিন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক এবং রিজিয়া রহমানের জন্মদিবস উপলক্ষে এক বর্ণাঢ্য স্মরণ সভার আয়োজন করেছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। গতকাল শনিবার বিকালে রাজধানীর বনানীতে ফাউন্ডেশন কার্যালয়ে গান, কবিতা, পাঠ ও আলোচনার মধ্য দিয়ে বরেণ্য এই তিন সাহিত্যিককে শ্রদ্ধা জানানো হয়।
বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের সঞ্চালনায় শিল্পী জয়িতার রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বিশিষ্ট অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি, কথাসাহিত্যিক স্বকৃত নোমান, কথাসাহিত্যিক ও সমালোচক মোজাফফর হোসেনসহ অন্যরা। এ সময় তিন সাহিত্যিকের অমর সৃষ্টি থেকে পাঠ করেন আবৃত্তিশল্পী শিমুল মুস্তাফা এবং বিশিষ্ট অভিনেত্রী ও আবৃত্তি শিল্পী ত্রপা মজুমদার। স্বাগত বক্তব্য দেন রাবেয়া খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কেকা ফেরদৌসী।
ইমদাদুল হক মিলন বলেন, বাংলা সাহিত্যের এই তিন কথাসাহিত্যিকের অবদান বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে রিজিয়া রহমান যেই মাপের লেখক ছিলেন, তাকে সেই মর্যাদা কতটুকু দিতে পেরেছি সেটা ভাববার বিষয়। সৈয়দ শামসুল হক দেশবরেণ্য কথাসাহিত্যিক ছিলেন। অন্যদিকে সাহিত্য অঙ্গনে রাবেয়া খাতুনের অবদানও কোন অংশে কম নয়।
কেকা ফেরদৌসী বলেন, আমার আম্মা রাবেয়া খাতুন, সৈয়দ হক আংকেল ও রিজিয়া খালা খুব ভালো বন্ধু ছিলেন। জীবদ্দশায় আম্মার মুখে তাদের বন্ধুত্বের অনেক গল্প শুনেছি। তারা আজ কেউ এ পৃথিবীতে নেই। আগে কেবল আম্মা আর শামসুল হকের জন্মদিবস উদযাপন করলেও এই প্রথম তিনজনের জন্মদিবস একসঙ্গে উদযাপন করা হচ্ছে। আগামিতেও এই ধারা অব্যাহত থাকবে।
বক্তারা বলেন, এই তিন সাহিত্যিকের লেখনী বাংলা সাহিত্যকে অনেকদূর এগিয়ে নিয়েছে। আজ তারা নেই, কিন্তু তাদের কর্ম সাহিত্যাঙ্গনে জ্বলজ্বল করছে।



