শেয়ারবাজার কারসাজি, ব্যাংক ঋণ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে বেক্সিমকো গ্রæপের চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের তথ্য অনুযায়ি, এই চারটি মামলায় মোট ৩৩ কোটি ৬২ লাখ মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৫৭৯ কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদকের পক্ষ থেকে বলা হয়, সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ারবাজারের প্লেসমেন্ট শেয়ারে অনিয়ম, ব্যাংক ঋণ আত্মসাৎ এবং অবৈধভাবে অর্থ বিদেশে পাঠানোর মতো অভিযোগের ভিত্তিতে এই মামলা গুলো দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুমোদিত প্রথম মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংককে কথিত গ্রাহক ইয়েলো অ্যাপারেলস লিমিটেডের অনুক‚লে ইডিএফ সুবিধাসহ ঋণ মঞ্জুর ও প্রদান করেছেন। এরপর তারা বিবি এলসির মাধ্যমে নিজেদের মধ্যে মালামাল আমদানি-রপ্তানি দেখিয়ে অ্যাকমোডেশন বিল তৈরি করেন। এর মাধ্যমে ব্যাংক থেকে ৪১৬ কোটি ৩১ লাখ ৮৭ হাজার ৭১২ টাকা আত্মসাৎ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ইয়েলো অ্যাপারেলস লিমিটেড একটি নবসৃষ্ট প্রতিষ্ঠান, যার পরিচালকদের ব্যবসা পরিচালনার আগের অভিজ্ঞতা নেই। আসামিরা নিজেদের মধ্যে হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে এ অর্থ আত্মসাৎ করেছেন।
দ্বিতীয় মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংককে কথিত গ্রাহক পিংক মেকার লিমিটেডের অনুক‚লে ইডিএফ সুবিধাসহ ঋণ মঞ্জুর ও প্রদান করেছেন। এরপর তারা বিবি এলসির মাধ্যমে নিজেদের মধ্যে মালামাল আমদানি-রপ্তানি দেখিয়ে অ্যাকমোডেশন বিল তৈরি করেন। এর মাধ্যমে ব্যাংক থেকে ৬৭৫ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ৬১৪ টাকা আত্মসাৎ করা হয়েছে।
পিংক মেকার লিমিটেডকে একটি নবসৃষ্ট প্রতিষ্ঠান (যার পরিচালকগণের ব্যবসা পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই) বলে উল্লেখ করে অভিযোগে বলা হয়, আসামিরা নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করেছেন।
অনুমোদিত তৃতীয় ও চতুর্থ মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক কথিত গ্রাহক অ্যাপোলো অ্যাপারেলস ও বে সিটি অ্যাপারেলসের অনুক‚লে ইডিএফ সুবিধাসহ ঋণ সুবিধা মঞ্জুর ও প্রদান করে বিবি এলসির মাধ্যমে নিজেদের মধ্যে মালামাল আমদানি রপ্তানি দেখিয়ে অ্যাকমোডেশন বিল তৈরি করেন।
অভিযোগে বলা হয়, পিংক মেকার লিমিটেড একটি নবসৃষ্ট প্রতিষ্ঠান, যার পরিচালকদের ব্যবসা পরিচালনার আগের অভিজ্ঞতা নেই। আসামিরা নিজেদের মধ্যে হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন।
তৃতীয় ও চতুর্থ মামলায় বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংককে কথিত গ্রাহক অ্যাপোলো অ্যাপারেলস ও বে সিটি অ্যাপারেলসের অনুক‚লে ইডিএফ সুবিধাসহ ঋণ মঞ্জুর ও প্রদান করেছেন। এরপর তারা বিবি এলসির মাধ্যমে নিজেদের মধ্যে মালামাল আমদানি-রপ্তানি দেখিয়ে অ্যাকমোডেশন বিল তৈরি করেছেন।
এর মাধ্যমে অ্যাপোলো অ্যাপারেলস ও বে সিটি অ্যাপারেলস ব্যাংক থেকে যথাক্রমে ৭১৯ কোটি ১৫ লাখ ২ হাজার ২৬৫ টাকা ও ১ হাজার ৪৭ কোটি ১৩ লাখ ২৯ হাজার ৩৫০ টাকা আত্মসাৎ করেছে। উভয় প্রতিষ্ঠানই নবসৃষ্ট, যার পরিচালকদের ব্যবসা পরিচালনার আগের অভিজ্ঞতা নেই।
অভিযোগে বলা হয়, আসামিরা নিজেদের মধ্যে হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে এ অর্থ আত্মসাৎ করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সদরঘাট থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক।



