শয়নকক্ষের মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন গুরুতর আহত সাংবাদিক

রাজশাহীতে শয়নকক্ষের মেঝে থেকে স্থানীয় একটি দৈনিক পত্রিকা’র উপ-সম্পাদক কামাল মালিকের স্ত্রী রওশন আরার (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। একই কক্ষ থেকে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক কামাল মালিককে (৬৫) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী শহরের কোর্ট হড়গ্রাম বাজার এলাকার ভাড়া বাসার শয়নকক্ষের দরজা ভেঙে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন। উদ্ধারের পর পুলিশ তাদের দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসকেরা রওশন আরাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত কামাল মালিককে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, সাংবাদিক কামাল মালিকের প্রকৃত নাম গোলাম কিবরিয়া। কিছুদিন আগে তিনি ডাক বিভাগের পোস্টামাস্টার পদে চাকরি জীবন শেষে অবসরগ্রহণ করেন। তিনি ডাক বিভাগে কর্মরত অবস্থায় কামাল মালিক ছদ্মনামে স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করতেন বলে সহকর্মীরা জানিয়েছেন।

রামেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার গলায় একটি কাপড় প্যাঁচানো ছিল। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। সাংবাদিক কামাল মালিকের হাতে ও পায়ে জখম রয়েছে। আত্মহত্যার উদ্দেশ্যে তিনি বাথরুমের ড্যামফ্লিক্স রাসায়নিক পান করেছিলেন। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন।

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান বলেন, ‘ তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন কামাল মালিক ও রওশন আরা দম্পতি। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়ি যায়।

বাড়ির সামনে অবস্থানরত স্থানীয়রা পুলিশকে জানায়, তারা ঘরের মধ্যে থেকে চিৎকার-চেচামেচির শব্দ শুনে এগিয়ে আসেন। তবে বাসায় প্রবেশের দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। মেঝেতে রওশন আরার অচেতন দেহ পড়ে ছিল।

আর বিছানায় আহত অবস্থায় পড়েছিলেন গোলাম কিবরিয়া। এসময় ওই দম্পতির এক মেয়ে ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিবিআই ও সিআইডি আলামত সংগ্রহ করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরধরে তারা পরস্পরকে আঘাত করেছেন। এতে রওশন আরার মৃত্যু হয়ে গোলাম কিবরিয়া বিষাক্ত ড্যামফ্লিক্স পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। আহত সাংবাদিক গোলাম কিবরিয়া সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments