তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল। তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত হওয়া ফিফা বিশ্বকাপ জয়ী প্লেয়ার। এছাড়াও এসময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পুত্র বিল্লাল এরদোয়ান অংশ নিয়েছেন।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয়। তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)- এর এম্বাসেডর হিসেবে এই অনুষ্ঠানে অংশ নেন মেসুত ওজিল।
জানা গেছে, মঙ্গলবার মেসুত ওজিল ঢাকায় পৌঁছান। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আজ বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পে এক ইফতারে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে আজ রাতেই দেশ ছাড়বেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা ‘টিকা’র আর্থিক সহায়তায় মেডিকেল সেন্টারের সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন অবকাঠামোগত ও সেবামূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন জানান, মেডিকেল সেন্টারের উন্নয়নকাজে এরই মধ্যে পূর্ণাঙ্গ আর্থিক সহায়তা দিয়েছে টিকা। এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষেই ঢাবিতে উপস্থিত হন ওজিল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন, টিকা বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বিশ্বকাপজয়ী এ তারকার উপস্থিতিতে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। পূর্ব ঘোষণা না থাকলেও মেসুত ওজিলকে এক নজর দেখার জন্য বিপুল সংখ্যক শিক্ষার্থী ভিড় করেন ।



