তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানের ছেলের গাড়িবহরে দুর্ঘটনা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান ও জার্মান বিশ^কাপ বিজয়ী দলের ফুটবল তারকা মেসুত ওজিলের গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন।বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়িবহরে ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি অটোরিকশা ঢুকে পড়ে। এসময় বহরের একটি গাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’

তিনি আরও জানান, আহত অটোরিকশার চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ’
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজে মেসুত ওজিল ও নেকমেতিন বিলাল এরদোয়ান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তাদের স্বাগত জানান।

পরে তাদের নেতৃত্বে একটি তুর্কি প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী আশ্রয়শিবির পরিদর্শন করে। তারা রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, শিক্ষা কার্যক্রম ও মানবিক সহায়তার বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকষর্ণের আহ্বান জানান।

১৩ সদস্যের প্রতিনিধিদলে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) সভাপতি আবদুল্লাহ এরেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।
শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

সেখানে এক মতবিনিময় সভায় বিলাল এরদোয়ান বলেন, ‘রোহিঙ্গারা দীর্ঘ সময় ধরে মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত। ভবিষ্যতে নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরে যেতে হলে এখন থেকেই তাদের শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন জরুরি।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে রোহিঙ্গাদের জন্য বৈশ্বিক সহায়তা কমে গেছে। মেসুত ওজিলের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বের সফরের মাধ্যমে আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিশ্ববাসীর দৃষ্টি আবারও এই মানবিক সংকটের দিকে আকৃষ্ট হবে বলে আমরা আশা করি।’

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘তুকির্দের সংস্কৃতি অনুযায়ী রমজানের প্রথম ইফতার পরিবারের সঙ্গে করার প্রচলন রয়েছে। রোহিঙ্গাদের নিজেদের পরিবারের সদস্য মনে করে তাদের সঙ্গে ইফতার করেছেন মেসুত ওজিল ও এরদোয়ান পুত্র।

তিনি আরও বলেন, ‘গত আট বছর ধরে রোহিঙ্গারা প্রত্যাবাসনের অপেক্ষায় থাকলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হয়নি। ফলে তাদের নানা দুর্ভোগ তৈরি হয়েছে। তুর্কি প্রতিনিধিদল বিশ্ববাসীকে রোহিঙ্গা সংকট ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছে এবং বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে।’

প্রতিনিধিদলের সদস্যরা টিকা পরিচালিত মাল্টিপারপাস এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার, তুর্কি ফিল্ড হাসপাতাল, টিকা মিউজিক স্টুডিও এবং কম্পিউটার ও রোবোটিক্স ল্যাব উদ্বোধন করেন।
পরিদর্শনকালে তারা শরণার্থীদের বসবাসের পরিবেশ, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

চ্যারিটি ফুটবল ম্যাচে অংশগ্রহণ
বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প মাঠে আয়োজিত প্রতীকী প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন মেসুত ওজিল। এ সময় বিলাল এরদোয়ান মঞ্চে বসে খেলা উপভোগ করেন। দশর্কে ভরা মাঠ ‘ওজিল, ওজিল’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। ম্যাচটি ক্যাম্পের শিশু-কিশোরদের মধ্যে উৎসাহ, আনন্দ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

ঢাকায় ফিরে তুরস্ক প্রতিনিধিদল কূটনীতিকদের সঙ্গে রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments