বিগত ২০২৫ সালে সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার কোস্ট গার্ড সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকাত ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০৩টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ৩৮০টি দেশীয় অস্ত্র, ৪ হাজার ৬ শত ৬৮ রাউন্ড তাজা গোলা ও ৩৭০ রাউন্ড ফাঁকা গোলা উদ্ধার করা হয়। এসব অভিযানে ১ হাজার ৫২৭ জন দুর্ধর্ষ সন্ত্রাসী, ডাকাত, বনদস্যু ও অন্যান্য অবৈধ কাজে জড়িত ব্যক্তি এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়। একইসাথে মানব পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা ২৯৭ জন ভুক্তভোগীকে সফলভাবে উদ্ধার করা হয়।
এছাড়া মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ১৯৪ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের ৩৮ লক্ষ ৯২ হাজার পিস ইয়াবা, ৬৯ লক্ষ টাকা মূল্যের ২৩০ কেজি গাঁজা, ১ কোটি ১১ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার ২৭৩ বোতল বিয়ার ও হুইস্কি, ১৫ কোটি টাকা মূল্যের ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩৫ লক্ষ টাকা মূল্যের সাড়ে ৩ লক্ষ শলাকা অবৈধ সিগারেট ও ২ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যের ২৬ হাজার লিটার বাংলা মদসহ ৬৭০ জন মাদক কারবারিকে আটক করা হয়।
দেশের বন্দরসমূহের সার্বিক সুরক্ষা নিশ্চিতে কোস্ট গার্ডের ধারাবাহিক সাঁড়াশি অভিযানের ফলে বহিঃনোঙ্গর অঞ্চলে দস্যুতা শূন্যের কোঠায় নেমে এসেছে এবং দেশের সমুদ্র বন্দরের রেটিং পূর্বের তুলনায় বহুলাংশে উন্নত হয়েছে। পাশাপাশি তেলবাহী জাহাজ এমটি বাংলার জ্যোতি, এমটি বাংলার সৌরভ এবং বিএলপিজি সোফিয়ার ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় বাংলাদেশ কোস্ট গার্ড ‘ফার্স্ট রেস্পন্ডার’ হিসেবে মুহূর্তেই প্রতিটি ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে অগ্নি নির্বাপণ এবং উপকূলকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করে।
উন্নত প্রশিক্ষণে প্রশিক্ষিত এই বাহিনীর অসাধারণ সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন হতে মর্যাদাপূর্ণ ‘লেটার অব কমেনডেশন’ লাভ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এছাড়াও মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করে ৫ লক্ষ ৬০ হাজার কেজি জাটকা, ৯০ কোটি ৮৮ লক্ষ পিস রেনু পোনা, ১ লক্ষ ৭৪ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি, ২ শত ৫৩ কোটি ২৯ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫ লক্ষ ২৮ হাজার মিটার বেহুন্দি জাল ও ৬৮ কোটি মিটার অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
মৎস্য সম্পদ রক্ষায় প্রতিটি কোস্ট গার্ড সদস্যের প্রচেষ্টা এবং দায়িত্ববোধের ফলাফল হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড রৌপ্য পদক-২০২৫ অর্জন করেছে।
উল্লেখ্য, মাত্র ৭০০ কোটি টাকার বাৎসরিক বাজেটের বিপরীতে কোস্ট গার্ডের গত এক বছরের সাফল্য প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকা।



