রাজধানীর মোহাম্মদপুরে ইফতারের পর এক বাড়িতে গ্রিল কাটা চোর প্রবেশ করে চুরি করেছে। বৃহস্পতিবার ইফতারের পর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ৩ নম্বর রোডের ১৬৩/বি-২ নম্বর বাড়ির চারতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
বাড়ির গৃহকর্তা এবিএম সাদিকুর রাকিব কিরণ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তার স্ত্রী সাদিয়া শারমিন প্রিয়াংকা।
সাদিকুর রাকিব কিরণ বলেন, বৃস্পতিবার ইফতারের পর তিনি তার স্ত্রীসহ বাসা থেকে বের হন প্রয়োজনীয় কাজে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাসায় ফিরে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। তিনি ধারণা করেন যে হয়তো দরজার লক ভিতর থেকে বন্ধ হয়ে গেছে। তিনি বাইওে থেকে একজন তালা খোলা মিস্ত্রিকে বাসায় নিয়ে আসেন। মিস্ত্রি লক খুলতে গিয়ে দেখেন যে ভিতর থেকে দরজার ছিটকিনি দেয়া। এরপর তারা দরজা ভেঙ্গে ফেলেন।
তিনি বলেন, বাসায় ঢুকে দেখতে পাই যে বেডরুমের বারান্দার গ্রিল ভেঙ্গে ফেলে চোর ভিতরে প্রবেশ করেছে। বেডরুমের আলমারিসহ অন্যান্য জিনিসপত্র তছনছ করা হয়েছে। চোর আলমারিতে রাখা ৭ ভরির স্বর্ণালঙ্কার ও ইসদ ১০ হাজার টাকা চুরি করেছে।
ঘটনার পর তিনি ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে একটি অভিযোগ নিয়ে গেছে।



