রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) দরিদ্র ও মেধাবী ১৫৭ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে। বুধবার (১১ মার্চ) নগর ভবনের নিজ দপ্তরে এই শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৫৮, কলেজ পর্যায়ের ৪৪, মাধ্যমিক পর্যায়ের ২৪ ও প্রাথমিক পর্যায়ের ৩১ জন শিক্ষার্থী যথাক্রমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার, কলেজ পর্যায়ে ৭ হাজার, মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা ও প্রাথমিক পর্যায়ে ২ হাজার টাকা করে পায়।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিচালনা কমিটির সভা
এদিকে রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক) (২) মতে সরকার গঠিত কমিটির ১০ম সভা বুধবার (১১ মার্চ) দুপুরে নগর ভবনের সিটি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভার সভাপতি রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সভায় বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। এতে কমিটির সদস্য এবং রাসিকের উর্ধ্বতন ও সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



