এমপিও নীতিমালা সংশোধন করে প্রধান শিক্ষক নিয়োগের দাবি
সহকারী প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতির দাবিতে রংপুরে সমাবেশ ও মতবিনিময় সভা করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকরা।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় রংপুরের বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর বিভাগের বিভিন্ন জেলার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক পদোন্নতি ও জাতীয়করণ আলোর সন্ধানে ঐক্যজোট-এর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক।
সমাবেশে বক্তব্য দেন আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহীন বাদশা, আলহেরা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ মিয়া, খারুয়াবাঁধা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিউল করিম, কবি দিলরুবা শাহাদাৎ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ, তালুক হাবু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক, গোপালপুর শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছাবের আলী, দিলালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, আজিজনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. মাসুদা জেসমিন, বড়দরগা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম সাইফুল ইসলাম আজাদ, সৈয়দপুর রাবেয়া উচ্চ বিদ্যালয়ের মো. তাইমুল ইসলাম, বদরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ইয়াসমিন সুলতানা, উলিপুর গুনাইগাছ এলাকার ফিরোজ ইমাম আমিন, ধামশ্রেণি উচ্চ বিদ্যালয়ের নুরুন্নবী সরকার এবং নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সৈয়দ আহমেদ ফারুকসহ অন্যরা।
বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষকবান্ধব সরকার। তাই এমপিও নীতিমালা সংশোধন করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের ব্যবস্থা এবং প্রধান শিক্ষকদের গ্রেড উন্নীত করার দাবি জানান তারা।
তারা আরও বলেন, “বৈষম্য নয়, ন্যায্য অধিকার চাই। অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি চাই। যোগ্যতা ও অভিজ্ঞতার যথাযথ স্বীকৃতি চাই।” দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও পদোন্নতির সুযোগ না থাকায় শিক্ষকদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন বক্তারা।
সমাবেশ থেকে দ্রুত এমপিও নীতিমালা সংশোধন করে পদোন্নতির সুযোগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।



