নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কোম্পানীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় তিনি ক্যাম্পাসে সবুজায়নের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বেশি করে বৃক্ষরোপণে উৎসাহিত করেন। একই সঙ্গে একটি সবুজ, পরিবেশবান্ধব ও নান্দনিক ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাইনেজ-সংলগ্ন স্থানে একটি রঙ্গন গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবিদুর রহমান, বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. এন. ইস্কান্দার শাহজাদা, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ এলাকায়ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারেন।



