দীর্ঘ ১২ বছর পর পূরণ হলো পদটি, যোগদান শেষে শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত প্রোভিসি
দীর্ঘ ১২ বছর পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রোভিসি) পদে অধ্যাপক ড. মো. আখতার হোসেন যোগদান করেছেন। তিনি রুয়েটের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের অধ্যাপক।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত সোমবার (২৭ জুলাই) তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১২(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) পূর্বাহ্নে নবনিযুক্ত প্রোভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের কাছে যোগদানপত্র জমা দেন।
এ সময় পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস এম জহুরুল ইসলাম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপাচার্য নবনিযুক্ত প্রোভিসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরাও ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এদিকে একই দিনে রুয়েটে ‘ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) ডে-২০২৬’ অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
পরে এমএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থীদের থিসিস উপস্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, বুয়েটের কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. আমিনুল ইসলাম, রুয়েট আইকিউএসি পরিচালক অধ্যাপক মো. ইমদাদুল হক, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার এবং এমএসই অ্যাসোসিয়েশনের ট্রেজারার পবিত্র প্রসাদ মণ্ডল।



