নিখোঁজের দুইদিন পর নোয়াখালী পৌরসভার গোপাই এলাকার রামশংকরপুরের একটি পুকুর থেকে রঞ্জন কুরী (৫৮) নামে এক ফার্মেসি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯ টার দিকে পাশের বাড়ির একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় গলিত মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি হত্যা না পুকুরে পড়ে মৃত্যু এ নিয়ে এলাকায় আলোচনার ঝড় উঠে।
মৃত রঞ্জন কুরির স্ত্রী শিল্পী রানী জানান, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রঞ্জন কুরীকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার সুধারাম থানায় সাধারণ ডায়েরী করেন তিনি।
এ ঘটনা সম্পর্কে স্থানীয় দত্তবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নিখোঁজের একদিন আগে গত বুধবার রঞ্জন কুরির তাকে জানিয়েছিলেন দত্তেরহাট এলাকার কয়েক যুবক তাকে আটকিয়ে তার কাছে চাাঁদা দাবি করে এবং তা বাড়িতে গিয়ে কয়েক চাঁদাবাজ তার স্ত্রীর কাছ থেকে ৩০হাজার টাকা নিয়ে যায়। তিনি কয়েক যুবকের নাম উল্লেখ করে তার কাছে এ অভিযোগ করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর হত্যা না অস্বাভাবিক মৃত্যু তা বলা যাবে। বিষয়টি তদন্তাধীন। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



