ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও তার সহযোগীকে গ্রেপ্তারের খবর পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে জানানো হয়েছে । পুলিশের একটি সূত্র এই খবর নিশ্চিত করেছেন। বাংলাদেশের পক্ষে উপ হাইকমিশনের কর্মকর্তারা ধৃত ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪) -র সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়ে কলকাতায় ভারতের পররাষ্ট্র মন্ত্রকের স্থানীয় কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে।
গত শনিবার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে বনগাঁ থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। ধৃত ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান হাদি হত্যার কথা স্বীকার করেছে বলে তদন্তকারী গোয়েন্দাদের সুত্রে বলা হয়েছে।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন রোববার এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা কলকাতায় ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং কনস্যুলার অ্যাক্সেসের জন্য অনুরোধ করেছে।
জানি গিয়েছে, গ্রেপ্তারের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশ উপ হাইখমিশনকে জানানোর পর উপ-হাইকমিশন এই কূটনৈতিক পদক্ষেপটি নিয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের তদন্তকারী গোয়েন্দারা ধৃত দু জনকে নিয়ে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করছেন বলে জানা গিয়েছে। ধৃতরা পশ্চিমবঙ্গে এসে কাদের কাদের সঙ্গে যোগাযোগ করছিল তাও জানার চেষ্টা চলছে। সীমান্ত এলাকায় কাদের মাধ্যমে আশ্রয় নিয়েছিল তাদেরও খোঁজ চলছে।



