রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানোদের তালিকায় যুক্ত হওয়া আরো এক কোমলমতির নাম ফাইজা মাহনূর। রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সে। বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানটির ফেসবুক গ্রুপে শেয়ার করা এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক জ্যোতির্ময় নীহারিকা।
প্রতিষ্ঠানটির পক্ষে তিনি আরো লিখেন, ‘গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির নীহারিকা শাখার মেধাবী শিক্ষার্থী ফাইজা মাহনূর পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস দুর্ঘটনায় নিহত হয়েছে। ইতিমধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’
শোক প্রকাশ করে বার্তায় উল্লেখ, ‘আমরা তার এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জানাই আন্তরিক সমবেদনা।’
প্রসঙ্গত, বুধবার বিকালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী- রাজবাড়ী রুটে চলাচলকারী ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় গতকাল পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।



