রংপুর জেলায় দায়িত্বপ্রাপ্ত পাট কর্মকর্তার বিরুদ্ধে সার, বীজ কালোবাজারে বিক্রিসহ অর্থআত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মহানগর সুজন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংগঠনের মহানগর সভাপতি অ্যাড. জোবাইদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট, পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ’ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে পাটের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে কৃষি মন্ত্রণালয়।
এ প্রকল্পের অধীনে কৃষকদের বিনামূল্যে পাট বীজ, সার, কীটনাশক সরবরাহ ও কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রকল্পের রংপুর জেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব বিশ্বাস দীর্ঘদিন ধরে কৃষকের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাত করে আসছেন।
উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনকালীন তার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। যা আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু মাহবুব বিশ্বাস উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে বর্তমানে ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট, পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ’ প্রকল্পের জেলা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
চলতি বছর এ প্রকল্পের মাধ্যমে ৫১ লাখ টাকার পাট বীজ, ৮৮ লাখ টাকার সার এবং কৃষকদের প্রশিক্ষণের জন্য ২৬ লাখ টাকা বরাদ্দ এসেছে। অথচ পাট কর্মকর্তা মাহবুব বিশ্বাস নামমাত্র কয়েকজন কৃষককে সরকারী বরাদ্দ বিতরণ করেভূয়া কৃষকের তালিকা তৈরী করে এসব সরকারী বরাদ্দের বড় অংশ আত্মসাত করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাট কর্মকর্তা মাহবুব বিশ্বাসকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণসহ তার বিরুদ্ধে কৃষি মন্ত্রণালয় থেকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের জন্য যেসব সরকারী বরাদ্দ দেয়া হয়, সেগুলো মনিটরিং জোরালো করতে হবে।
পাট কর্মকর্তা মাহবুব বিশ্বাস বিপুল পরিমান অর্থ আত্মসাত করে সম্পদের পাহাড় করেছেন। নগরীর প্রাণকেন্দ্র বাংলাদেশ ব্যাংক এলাকায় ৮ শতক জমি করে বহুতল ভবন তৈরী করছেন। যা নিরপেক্ষ তদন্ত হলে তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হবে।
এ ব্যাপারে পাট উন্নয়ন কর্মকর্তা মাহবুব বিশ্বাসের সাথে ফোনে যোগাযোগের চেষ্টাকরেও তাকে পাওয়া যায়নি।



