সংসদ ভবন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ ও সংসদ কমিটির সভাপতি নূরুল ইসলাম মনি। তিনি বললেন, ‘পানির সমস্যা বেশি। গত দুই-তিনদিন ধরে ঘোলা পানি পাওয়া গেছে। একারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে।’
গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন চিফ হুইপ।
নূরুল ইসলাম মনি বলেন, ঘোলা পানির সমস্যা সমাধানের জন্য সরকারকে বলা হবে। সংসদ ভবন এলাকায় এক কোটি লিটার পানির দরকার, কিন্তু এখানে ২৭ লাখ লিটার পানি উৎপাদন হয়।
কমিটির সভাপতি নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য- রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, সাইফুল আলম ও আবুল হাসনাত।
১০ এপ্রিলের মধ্যে এমপিদের বাসা বরাদ্দ
চিফ হুইপ জানান, আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ দেওয়া হবে। এলক্ষ্যে প্রয়োজনীয় জিনিসপত্র ঠিকঠাক করা হচ্ছে। কিছু নষ্ট হয়েছে, সেগুলো ঠিক করেছি আমরা। বৈঠকে সংসদ সদস্যদের নিরাপত্তাসহ সব বিষয়ে পরিপূর্ণভাবে আলোচনা হয়েছে।
তিনি জানান, বৈঠকে সংসদের মেডিকেল সেন্টার নিয়েও কথা হয়েছে। সেখানে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স ও লাশবাহী ফ্রিজিং গাড়ি দরকার।
সংসদের সাউন্ড সিস্টেম এখনও কাজ করছে না
নূরুল ইসলাম মনি জানান, সংসদের সাউন্ড সিস্টেম এখনও ঠিকভাবে কাজ করছে না। আমরা সাউন্ড সিস্টেম উন্নত করার চেষ্টা করছি। সেটা না পারলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। কিন্তু, এ সাউন্ড সিস্টেম যাতে কাজ করে সে চেষ্টা করা হচ্ছে। সাউন্ড সিস্টেম বিভ্রাট নিয়ে গঠিত তদন্ত কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদ কমিটির কাছে প্রতিবেদন জমা দেবে।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সংসদের অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করার জন্য রকিবুল ইসলামকে এবং সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান যাচাই, সংসদ ভবন এলাকায় সরবরাহ লাইনের পানির মান যাচাই ও সংসদ সদস্য ভবনের ব্যবহৃত আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে দুটি সাব কমিটি গঠন করা হয়।



