রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুই কিশোরকে মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা মোবাইল নিয়ে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা।
তারা হলেন, জম্মুন (১৬) ও তৌফিক (১৫)। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়।
হাসপাতালে আহত তৌফিক জানিয়েছে, তাদের বাড়ি নরসিংদির বেলাবো উপজেলার বাড়িছড়া গ্রামের। তার দু’জন নরসিংদী রেল স্টেশন থেকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনের ছাদে উঠে কাজের উদ্দেশ্যে ঢাকায় আসার পথে, ৩/৪ জন ছিনতাইকারী তেজগাঁও এলাকায় ধারালো ছুরি দ্বারা জিম্মি করে, মারধর করে, তাদের কাছে থাকা ৫/৭ শত টাকা ও দুটি মোবাইল সেট নিয়ে, চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে সেখান থেকে হাসপাতালে আসা হয়।
সে জানায়, তারা ঢাকায় দিন মজুরের কাজের সন্ধানে আসার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন। সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক মোঃ সেলিম বলেন, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


