দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে প্রায় দুই কোটি টাকার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। তিনি ভারতের মুম্বাইয়ের ভিওয়ান্দি থানে শহরের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ২০ এপ্রিল মুম্বাই থেকে দুবাই হয়ে ২১ এপ্রিল ঢাকায় আসেন এবং সড়কপথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল।

আটকের পর এদিন বিকালে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯০০ গ্রাম গোল্ড পেস্টসহ ঐ ব্যক্তিকে আটক করে।

এসময় তার কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকাসহ বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দ্বারা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা।

আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। 

বিজিবি জানিয়েছে, আটককৃত ব্যক্তি ২০২৪ সাল হতে বেশ কয়েকবার ভারত-মধ্যপ্রাচ্য-মিশর পুনরায় বাংলাদেশ হয়ে ভারতে গমনাগমন করেন।

যশোর কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, আসামিকে বিজিবি থানায় হস্তান্তর করলে মামলা দায়ের করার পর আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments