রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রিভার্স ওসমোসিস (আরও) ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু হয়েছে। এই প্লান্টে আবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের আয়রনযুক্ত পানির সমস্যার সম্ভাব্য সমাধান করবে।
রুয়েট সূত্রে জানা যায়, নতুন নির্মিত চারটি আবাসিক হলের মধ্যে ছেলেদের ২টি এবং মেয়েদের ২টি হলে এই প্লান্ট চালু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি আবাসিক হল, কোয়ার্টার, একাডেমিক ও প্রশাসনিক ভবনে নিরাপদ পানির এই প্ল্যান্ট বসানো হবে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। দপ্তরের পরিচালক অধ্যাপক এইচ এম রাসেল বলেন, উপাচার্যের নির্দেশনায় প্রথমে নতুন চারটি আবাসিক হলে প্ল্যান্ট চালু করা হয়েছে। রাজশাহীর আয়রনযুক্ত পানি সমস্যার সমাধানে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রকল্পটি আরও সম্প্রসারণ করা হবে।
তিনি বলেণ, ‘রিভার্স ওসমোসিস প্রযুক্তির মাধ্যমে বিশেষ ঝিল্লি ব্যবহার করে পানির ক্ষতিকর উপাদান, অতিরিক্ত লবণ ও আয়রনসহ বিভিন্ন অমেধ্য অপসারণ করা হয়। ফলে এ পদ্ধতিতে বিশুদ্ধ, স্বচ্ছ ও স্বাস্থ্যসম্মত পানীয় জল সরবরাহ করা সম্ভব হয়।’
এদিকে শিক্ষার্থীরা উদ্যোগটিকে সময়োপযোগী বলে মন্তব্য করেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে আবাসিক হলে পানির মান নিয়ে ভোগান্তি ছিল। এই প্ল্যান্ট নিরাপদ পানি পাওয়া যাচ্ছে। দ্রুত সকল হল ও স্থাপনায় এই সুবিধা সম্প্রসারণ করতে হবে।
মেকানিক্যাল ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, ‘রুয়েটের আবাসিক হলে আয়রনযুক্ত অপরিষ্কার পানি নানাবিধ অসুবিধা করেছে। এর মধ্যে ত্বক ও চুলের সমস্যা অন্যতম। রুয়েট প্রশাসনের উদ্যোগ সম্পূর্ণ বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির অবসান হবে।’


