নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ছদ্মবেশে এক যৌথ অভিযানে ৩৯৮০ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন জহির (৫৫) নামের এক আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার সকালে শহরের নতুন হাউজিংয়ের বালুর মাঠের হাসপাতাল রোডে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জসিম উদ্দিন জহির কক্সবাজারের উখিয়ার হলদিয়াপাল ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার মঞ্জু মিয়ার বাড়ির মৃত নুরুল হকের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের সূত্র ধরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীএর সমন্বয়ে একটি দল ঐ এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন জসিম নির্ধারিত স্থানে পৌঁছালে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানান, তিনি ইটভাটায় কাজ করতেন। পাশাপাশি কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীতে পৌঁছে দিতেন।
এর আগে তিনি একাধিকবার একই ধরনের চালান সরবরাহ করেছেন। প্রতিটি চালানের বিপরীতে তিনি ৪০ হাজার টাকা পেতেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে।


