জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় তা ‘জটিল আকার’ ধারণ করেছে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি বলেছেন, চলমান অধিবেশনের কারণে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না, তবে অধিবেশন শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গতকাল সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
চিফ হুইপ বলেন, সাউন্ড সিস্টেমের ত্রুটির কারণে অধিবেশন শুরুতেও বিলম্ব হচ্ছে। আমরা খুবই বিব্রতকর অবস্থায় আছি। সংসদ কক্ষেই সাউন্ড ঠিকভাবে কাজ করছে না।
তিনি অভিযোগ করেন, এই বিশেষায়িত কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা বিবেচনায় না নিয়েই নির্মাণকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়া নির্ধারিত মান বজায় রাখা হয়নি। ৩৮ গ্রামের মাইক্রোফোন দেওয়ার কথা থাকলেও ২৫৮ গ্রামের মাইক্রোফোন সরবরাহ করা হয়েছে।
টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তিনি জানান, প্রায় ৩ কোটি ৮৪ লাখ টাকার প্রকল্পে কম ব্যবধানে দরপত্র দেওয়া একটি প্রতিষ্ঠান কাজ না পেলেও পরে সেই প্রতিষ্ঠানকে দিয়েই কাজ করানো হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং চরম অনিয়ম।



