আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক গবেষণা কার্যক্রম আরও এগিয়ে নিতে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (বিসিএএসপিএস) নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নবনির্মিত বিসিএএসপিএস ভবনের স্মারক ফলক উন্মোচন করেন।
উদ্বোধন শেষে বিমান বাহিনী প্রধান ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি ভবনের বিভিন্ন দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
বিমান বাহিনী সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা নিয়ে গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে বিসিএএসপিএস-এর গবেষণা, শিক্ষা কার্যক্রম এবং নীতিনির্ধারণে সহায়ক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বিমান বাহিনী প্রধান।



