জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকদের ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাৎ দায়ে নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজার রুপালী ব্যাংকের সাবেক ম্যানেজার বেলায়েত হোসেনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ আদেশ প্রদান করেন। এ সময় আদালতে আসামি অনুৃপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দন্ডিত বেলায়েত হোসেন সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের আনছার আলী বেপারী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে।
এ মামলা সূত্রে জানা যায়, ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত অভিযুক্ত বেলায়েত হোসেন জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজার রুপালী ব্যাংক শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এই সময়ে তিনি ৫৬ জন গ্রাাহকের স্বাক্ষর জাল করে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেন।
বিষয়টি নিশ্চিত করে দুদক কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস জানান,টাকা আত্মসাতের এঘটনার পর ২০১৬ সালের ৪ মে ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করে। পরে মামলাটি দুদক মামলাটি তদন্ত করে।
মামলাটি তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৩ সালে দুদক আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে গতকাল আদালত অভিযুক্ত ব্যাংক ম্যানেজাকে দুর্নীতি প্রতিরোধ আইনের ৪০৯ ধারায় ৫ বছর, ৪৬৮ ধারায় ৫ বছর ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।



