বাংলাদেশ থেকে সাগরপথে কাঠের নৌকায় (বোট) বিশ্বভ্রমন করার উদ্যোগ নেয়া সেই নিউজিল্যান্ডের পরিবারটির ওপর ডাকাতের হামলার ঘটনা ঘটেছে। ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিক কোস্ট গার্ডের তৎপরতায় পরিবারটি বেঁচে গেছে। এ ঘটনাটি ঘটেছে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ার চরে। বুধবার রাতে ডাকাতের হামলা থেকে নিউজিল্যান্ডের একই পরিবারের চার পর্যটককে রক্ষা করেছে কোস্ট গার্ড।
গতকাল কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনি তার পরিবারের ৪ সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আগমন করেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট/ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ গ্রহণ করেন।
বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে। এরই মধ্যে চলতি বছরের ১৬ জানুয়ারি তাদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন আরো বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় বুধবার রাতে একদল ডাকাত তাদের বোটে অতর্কিত হামলা চালায়।
এ খবর পাওয়ার পরপর কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল দ্রæত সোনাদিয়ার চরের ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের অভিযানের খবর পেয়ে ডাকাত দল নিউজিল্যান্ডে পর্যটকদের বোট থেকে কিছু মালামাল লুট করে তাদের বোটে নিয়ে দ্রæত পালাতে থাকে।
এসময় কোস্ট গার্ডের টহল টিম চর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে লুট করা মালামাল উদ্ধার করে। পরে কোস্ট গার্ডের আরেকটি টিম পর্যটকদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।



