নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ সফিকুল ইসলাম। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি, নানা রঙের প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
এ সময় শোভাযাত্রায় পুলিশ সুপার টি.এম মোশারফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফেরদৌসী বেগম, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আবুল কালাম আজাদসহ সরকারি- আধা সরকারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শ্রেণি- পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে চার দিনব্যাপী লোকজ শিল্প মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক । মেলায় গ্রামীণ পণ্য, হস্তশিল্প, খেলনা ও ঐতিহ্যবাহী খাবারের স্টল বসে।
এ সময় জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, বৈশাখী গান, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও নোয়াখালী জেলা কারাগারে সকালে বন্দীদের জন্য পান্তা-ইলিশ ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
অন্যদিকে মাইজদি কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে নোয়াখালী জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী-৪(সদর- সুবর্ণচর) আসনের এমপি মো. শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাবের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


