নোয়াখালীর সদর উপজেলার চরমুটুয়ার উদয় সাধুর হাট থেকে অবৈধভাবে মজুদকৃত ১৪০০ লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ।
শুক্রবার রাত পৌনে ১২ার দিকে এ অভিযানকালে মেঘনা পেট্রোলিয়ামের একটি ভাউচার গাড়িসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, মো. রাশেদ (৩৮), গাড়ির চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো.শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিনউদ্দিন জানান, এসআই মো. হেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল সদর উপজেলার খলিফার হাটে রাতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে গোপন সত্রে জানতে পারেন চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করা হয়েছে।
পরে তারা রাত পৌনে ১২টার দিকে ঐ বাজারে অভিযান চালিয়ে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করে। এ সময় অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয় এবং দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিনউদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


