দুর্নীতি দমন ও প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম আরও শক্তিশালী করতে রাজশাহীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে নগরীর সিএন্ডবি মোড়ে গণপূর্ত অধিদপ্তরের অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা-১) মো. মোজাহার আলী সরদার। বিশেষ অতিথি ছিলেন দুদক বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অ. দা.) একেএম ফজলে হোসেন ও রাজশাহী জেলা তথ্য অফিস রাজশাহীর উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন।
সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক মো. ফজলুল বারী। দুদকের বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন দুদক জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. আমির হোসাইন।
শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহীর পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান। কর্মশালায় অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।



