নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। জেলা শহরের সোনাপুর রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সোনাপুরের কাঠপট্ট্রি এলাকায় অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী।
মোঃ খোরশেদ আলম চৌধুরী বলেন, রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলছে। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও প্রকৃত ইজারাদারদের জায়গা বুঝিয়ে দেওয়া হবে। এ অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। উচ্ছেদ অভিযানে সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা হোসেন মজুমদারসহ রেলওয়ে পুলিশ সদস্যরা অংশগ্রহন করেন।



