রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া নবজাতকদের বয়স ছিল মাত্র এক থেকে দুই দিন।
আদ-দ্বীন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটগুলোর মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন জানান, বুধবার সকাল ছয়টার দিকে দায়িত্বরত নার্স নবজাতকদের অসুস্থ অবস্থায় দেখতে পান। মায়েদের কাছ থেকেও বিষয়টি জানানো হয়। পরে দ্রুত নবজাতকদের এনআইসিইউতে নেওয়া হয়।

তিনি বলেন, এনআইসিইউতে নেওয়ার পর দুই নবজাতককে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারটি নবজাতকের অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তাদের ভেন্টিলেশনে রাখা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, যে পোস্ট অপারেটিভ রুমে ঘটনাটি ঘটেছে সেখানে ছয় নবজাতক ও ১১ জন মা ছিলেন।
এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে তিনি জানান, রুমে থাকা এক মা ঠান্ডা অনুভব করায় এসি বন্ধ রাখার অনুরোধ করেছিলেন। পরে এক নার্স প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন।
ডিএমপি কমিশনার বলেন, পরে গরম অনুভূত হলে আবার এসি চালু করা হয়। এর কিছু সময় পর দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে এবং ধীরে ধীরে বাকি চার নবজাতকও অসুস্থ হয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মোসলেহ উদ্দিন আহমদ আরও বলেন, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
অন্যদিকে, বুধবার ভোরে এ ঘটনার পর বেলা ১২ টার দিকে আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস।
পরিদর্শন শেষে তিনি বলেন, এ ঘটনা তদন্তে তিন সদস্যেও একটি তদন্ত কমিটি গঠন করা হযেছে। ৭২ ঘন্টার মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও এনআইসিইউ’র কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করছি কারিগরি ত্রুটির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।



