বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের কর্মজীবিদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।
প্রচলিত শিক্ষা পদ্ধতি গ্রহণ করে চাকুরীর বাজারের কারণে বেকার তৈরী হলেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতরা তাদের স্ব-স্ব ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের সম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। এতে করে তাদের জীবনমানের উন্নয়ন হয়েছে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে শিক্ষার্থীরা। শনিবার (৬ জুন) দুপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রংপুর আঞ্চলিক কেন্দ্রে বাউবি’র রংপুর আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী, উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান ও বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তার সুযোগ্য ছেলে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাউবি’র অধীনে দেড় হাজার স্টাডি সেন্টার, ১৬১ জন নিজস্ব শিক্ষক, ২৩ হাজার ১৫০ জন শিক্ষক রয়েছে।
৫৫টি প্রোগ্রামে প্রায় ৩ লাখ শিক্ষার্থী বাউবিতে অধ্যয়ন করছে। এছাড়া দেশের বাহিরে দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ইটারীসহ ৭টি দেশেও বাউবি’র শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, আগামীতে বাউবি’র শিক্ষার্থীদের টেকনিক্যাল ও আইটি প্রশিক্ষণ দিতে দ্রুতই টিবেট এডুকেশন চালু হতে যাচ্ছে। এছাড়া হিজড়া, হরিজন ও ক্ষুদ্র নৃগোষ্ঠিকে শিক্ষার আওতায় আনতে বাউবি কাজ করে যাচ্ছে। চলতি বছর রংপুরে এসএসসি পরীক্ষায় ২৮ জন হিজড়া জনগোষ্ঠি অংশ নিয়েছে। এছাড়া বিভিন্ন প্রোগ্রামের যথা সময়ে পরীক্ষা ও ফলাফল নিশ্চিতে ক্রাশ প্রোগ্রাম চালু করেছে বাউবি।
বাউবি রংপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালখ আবু হাফিজ মোঃ ফজলে নিজামীর সভাপতিত্বে এতে অতিথির হিসেবে বক্তব্য রাখেন, ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ড. আলো আরজুমান বানু, বাউবি’র পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুল্যাহ মাহামুদসহ অন্যরা।



