গ্রামীণফোনের মুনাফার লভ্যাংশ দাবিতে সাবেক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ অবিলম্বে পরিশোধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় নগরীর আলুপট্টি মোড়ে ‘গ্রামীণফোন ৫% বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী’র ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা সারিয়ার মতিন, সারিয়ার কবির রাসেল, মসিউর রহমান, ইউসুফ আলী ও আবু সুফিয়ান প্রমুখসহ ভুক্তভোগীদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে আদালতে মামলা চলমান থাকায় গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি, প্রতিষ্ঠানটির মুনাফার ৫ শতাংশ অংশীদারিত্ব বাবদ বিপুল পরিমাণ অর্থ এখনো বকেয়া রয়েছে। বর্তমানে এই বকেয়া অর্থের পরিমাণ প্রায় ৩৩ হাজার ১৪৭ কোটি টাকায় পৌঁছেছে।

বক্তারা বলেন, দীর্ঘসূত্রিতা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান করতে হবে এবং সাবেক কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া লভ্যাংশ পরিশোধের উদ্যোগ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে দীর্ঘদিনের এই বিরোধের
অবসান ঘটিয়ে সাবেক কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments