লালমনিরহাটে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ই জুন) সকালে রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে জেলার তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিস্তা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার বলেন, সমাজে সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবার সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্য তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ অপরিহার্য। তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য স্বপ্রণোদিতভাবে প্রকাশ করলে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধেও সহায়ক ভূমিকা পালন করবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তথ্যভিত্তিক জ্ঞান অর্জনের জন্য এখন থেকেই বেশি বেশি জানার ও শেখার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন হওয়ার এবং অন্যদেরও এ বিষয়ে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
সভায় ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মো. ফরহাদ আহমেদ। পরে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ রুপাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল হক সরকার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।



