নাগরিকদের ওপর নতুন কর আরোপ বা বিদ্যমান কর বৃদ্ধি না করে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগর ভবনের সিটিহল রুমে সংবাদ সম্মেলনে আয় ও ব্যয় সমপরিমাণ ধরে এই বাজেট ঘোষণা করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। পরবর্তীতে সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা। নতুন অর্থবছরে বাজেটের আকার বাড়িয়ে ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন অর্থবছরের বাজেটে নাগরিকদের ওপর কোনো নতুন কর আরোপ বা বিদ্যমান কর বৃদ্ধির প্রস্তাব রাখা হয়নি। নাগরিকদের স্বস্তি বজায় রেখে উন্নয়ন কার্যক্রম ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বাস্তবভিত্তিক এই বাজেট প্রণয়ন করা হয়েছে। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে বাজেট নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, নগরবাসীর কল্যাণ, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্য সামনে রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



